যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টায় আছে, তারা বোকার স্বর্গে বাস করছে : দুদু
যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “আমরা মনে করি— আগামীর দিন, জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নেই।”
রোববার ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। তিনি বলেন, “মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। এদেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই অধিকারকে রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো— আসুন নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয় আমরা সেটা যাচাই করি।”
দুদু বলেন, “বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্টের মধ্যে দিয়ে সরকার তৈরী হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং কেউ যদি মনে করে যে, নির্বাচনের বাইরে জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “কোনো কোনো কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, বিলকিস জাহান চৌধুরী,আকরাম হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।