মাগুরায় সাংবাদিক রোস্তম মল্লিক’র ওপর হামলা, আটক ৭
মাগুরায় দুর্বৃত্তদের হামলায় রোস্তম মল্লিক (৫২) নামের এক সাংবাদিক আহত হয়েছেন।
মাগুরায় দুর্বৃত্তদের হামলায় রোস্তম মল্লিক (৫২) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কলেজ মসজিদের পাশের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ওই সাংবাদিকের অভিযোগ, মাগুরা-১ আসনের প্রয়াত সংসদ সদস্য সিরাজুল আকবরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রভাবশালী কেউ তাঁর ওপর হামলা করেছেন।
রোস্তম মল্লিক মাগুরা পৌর এলাকার পারলা গ্রামের প্রয়াত ঈমান উদ্দিন মল্লিকের ছেলে। তবে তিনি বর্তমানে ঢাকায় থাকেন। রোস্তম মল্লিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ নামের একটি পত্রিকার বার্তা সম্পাদক। হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতেই সাতজনকে মাগুরা সদর থানা-পুলিশ আটক করেছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আহত রোস্তম মল্লিক আজ বুধবার সকালে মুঠোফোনে বলেন, তিনি কয়েক দিন আগে মাগুরায় আসেন। গতকাল সন্ধ্যায় তিনি শহরের কলেজ মসজিদের পাশের একটি রেস্তোরাঁয় স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার দিকে ওই অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তবে ওই রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরই ১০ থেকে ১৫ জন তরুণ তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা হকিস্টিক, লাঠি ও রড দিয়ে পেটান। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রী ও মেয়েও আহত হয়। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন রোস্তম মল্লিককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছিলেন। তবে গতকাল রাতেই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি ঢাকায় চলে যান। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন।
রোস্তম মল্লিক বলেন, মারধরে তাঁর মাথার দুই জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। এতে তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে। এ ছাড়া ডান পায়ে তিনটি সেলাই দেওয়ার পাশাপাশি বাঁ হাত ভেঙে গেছে।
তবে হামলকারীদের রোস্তম মল্লিক চেনেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, হামলাকারীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। গতকাল তিনি নিজের ফেসবুক আইডি থেকে মাগুরা-১ আসনের প্রয়াত সংসদ সদস্য সিরাজুল আকবরকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের জেরে স্থানীয় প্রভাবশালী কেউ ওই তরুণদের দিয়ে এ হামলা করিয়েছেন বলে দাবি করেছেন।
রোস্তম মল্লিকের ওই ফেসবুক পোস্ট ঘেঁটে দেখা গেছে, তিনি সেখানে মাগুরা-১ আসনের চারবারের সংসদ সদস্য সিরাজুল আকবরের ব্যাপারে বিভিন্ন ইতিবাচক কথা লিখেছেন। এর মধ্যে রোস্তম মল্লিক লিখেছেন, ‘সিরাজুল আকবর কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। তিনি কখনো সন্ত্রাসী ও মাদকাসক্তদের আশ্রয়-প্রশ্রয় দেননি। ইউনিয়ন, উপজেলা পরিষদ বা পৌরসভা নির্বাচনে কখনো মনোনয়ন–বাণিজ্য করেননি। কখনো টেন্ডারবাজি বা প্রকল্প–বাণিজ্য করেননি।’ পোস্টের শেষ ভাগে তিনি লিখেছেন, ‘মানবতার সেবা দিয়ে তিনি (সিরাজুল আকবর) এলাকাবাসীর মন জয় করেছেন। আজকের এই দিনে তাঁকে খুব মনে পড়ছে।’
প্রয়াত সংসদ সদস্যকে নিয়ে ইতিবাচক লেখার কারণে কেন হামলা করা হবে—জানতে চাইলে রোস্তম মল্লিক বলেন, ‘যে খারাপ কাজগুলো সাবেক এমপির সময়ে হয়নি, এখন হয়তো সেগুলো হচ্ছে। এ কারণে কেউ ক্ষুব্ধ হয়ে লোকজন দিয়ে হামলা চালিয়েছে। এর আগেও নেতা-কর্মীদের দিয়ে আমার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করানো হয়েছে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জব্বারুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর শুনে পুলিশ তৎপরতা শুরু করেছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। কেন এই হামলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির পেশাগত কোনো কারণ থাকতে পারে।