বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।
ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এর আগে দেশটির একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়। সোমবার (১০ নভেম্বর) রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার।
এর আগে সোমবার সন্ধ্যায় লাল কেল্লার নিকটে একটি গাড়িতে হওয়া উচ্চমাত্রার বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে এনডিটিভি জানিয়েছে, লখনউ থেকে জারি করা এক নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল এবং যানবাহন তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। দেরাদুনেও একই নির্দেশ অনুসারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।