টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ও নোয়াখালীপাড়ার কোনারপাড়া এলাকায় মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথবাহিনী অভিযান করেছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ও নোয়াখালীপাড়ার কোনারপাড়া এলাকায় মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথবাহিনী অভিযান করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৩ টা হতে নৌবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবির সমন্বয়ে যৌথভাবে অভিযান শুরু হয়। প্রায় ৩ঘন্টা ঘণ্টাব্যাপী সন্ধ্যা ৬টায় অভিযান শেষ হয়।
অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের ব্যবহৃত একাধিক আস্তানার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়া, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস, র্যাব-১৫ এর একটি আভিযানিক দল, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান করেন।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস জানান, মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আসা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।