টেকনাফে অস্ত্রসহ ৫ অপহরণকারী আটক
কক্সবাজার টেকনাফে সংঘবদ্ধ অপহরণ চক্রের বিরুদ্ধে
কক্সবাজার টেকনাফে সংঘবদ্ধ অপহরণ চক্রের বিরুদ্ধে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজসহ পাঁচ জন অপহরণকারীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর লামার বাজার এলাকায় সৈকত কাউন্টার সংলগ্ন স্থানে অবস্থানরত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন- চকরিয়ার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।
অভিযানে ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণকাজে ব্যবহৃত অস্ত্র গোপন করে রেখেছে।পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযানে গিয়ে একটি বসতঘরের সামনে ছনের গাদার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রটি কাঠের বাটযুক্ত এবং ১২.৪ ইঞ্চি লম্বা।টেকনাফ মডেল থানায় নেওয়া হলে মামলার ভিকটিম পাভেল চাকমা (২৪) আসামিদের শনাক্ত করেন এবং নিশ্চিত করেন তারা অপহরণ চক্রের সদস্য।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস বলেন, অপহরণের সাথে সরাসরি জড়িত অপহরণ চক্রের ৫ সদস্যকে আমার টিমসহ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম অপহরণকারীদের সনাক্ত করেন।সন্ত্রাস ও অপহরণ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জনগণের নিরাপত্তায় আমাদের প্রতিটি ইউনিট সর্বোচ্চ সচেষ্ট। এই চক্রের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।