জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা।
এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও তারা যুক্তরাজ্যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আমান উল্লাহ আমান, ডাঃ ফরহাদ হালিম ডোনার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. রিয়াজুল ইসলাম রিজু, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, এস এম জাহাঙ্গীর, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ পারভেজ রেজা কাঁকন, সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম,তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপি নেতা মীর শাহে আলম সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পরে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এরআগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনের উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল,মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল,জাসাস,ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ,জিয়াউর রহমান ফাউন্ডেশন,ইএবি, ন্যাব, ডিইএবি, জেটেব, এম- ট্যাব মিছিল ও বিভিন্ন স্লোগান সহকারে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে সমবেত হতে থাকেন।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাক নাম কমল। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আবারও আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। তার অংশ হিসেবে আজ ড্যাবের উদ্যোগে নয়া পল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাধারণ রোগীদেরকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।