গাইবান্ধা-৫ উপনির্বাচন: ভোট শুরুর ২ ঘণ্টায় কোনো অনিয়ম দেখতে পায়নি ইসি
গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়মের দৃশ্য দেখতে পায়নি নির্বাচন কমিশন।
গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়মের দৃশ্য দেখতে পায়নি নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টায় নির্বাচনী এলাকার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোট পরিস্থিতি দেখতে রাজধানীর নির্বাচন ভবনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৮টা থেকেই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান রয়েছেন।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ভোট নিয়ে সতর্ক করেন সবাইকে। তিনি বলেন, ‘অনিয়মের পুনরাবৃত্তি হলে ছাড় দেওয়া হবে না। অনিয়মের গ্র্যাভিটি দেখে সেই মুহূর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এটুকু বলতে পারি, কোনো অনিয়মকে প্রশ্রয় একেবারেই দেব না আমরা।’
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৩২টি চরাঞ্চল রয়েছে। এসব প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রে দুটি আর প্রতিটি ভোটকক্ষে একটি করে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’ তিনি জানান, মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের সময় সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখতে পায় ইসি। পরে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।