কুমিল্লার পথসভা মঞ্চে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লায় এসেছেন তারেক রহমান।

কুমিল্লার পথসভা মঞ্চে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লায় এসেছেন তারেক রহমান। তার আগমণকে কেন্দ্র করে শনিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শনিবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ে। সময় যখন ১১ টা ৪৫ মিনিটি তখন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের অবস্থান ছিল কুমিল্লার নিমসার এলাকায়। দুপুর ১২টার পর পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় অতিক্রম করেন। দুপুর ১ টায় কুমিল্লার পথসভা মঞ্চে পৌঁছান তিনি।

বিএনপি নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নির্ধারিত বিভিন্ন পয়েন্টে জড়ো হন।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।

এ ছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। নিমসার বাজার এলাকায় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের সমর্থকরাও সড়কের পাশে অবস্থান নেন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।