প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা সরকারকে বিপদে ফেলতে চাইছে: রিজভী
প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে। সে কারণেই, সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ সকালে গুলশান ২ গোল চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, ডেঙ্গু মোকাবেলায় টাস্কফোর্স গঠন করার আহবান জানান তিনি।
রিজভী বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির মতো মানুষ প্রশাসনে আরও আছে। তাদের বিষয়ে অর্ন্তবর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ।রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন রিজভী।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের পুনরুত্থান যাতে না ঘটে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো মায়ের সন্তানকে হত্যা না করা হয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে দেশ হবে এক ভয়ংকর বধ্যভূমি। এই বধ্যভূমি যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। রিজভী আরও বলেন, সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লাবিস্ট ফান্ড ভাড়া করেছে, তাদের পক্ষে ওকালতি করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয় এগুলো অত্যন্ত ইঙ্গিতবাহী কারণ ওদের অনেক টাকা আছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ডাঃ জাহিদুল কবির জাহিদ, ডাঃ জাবেদ, ডাঃ আরেফিন রঞ্জু, মাহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার, ছাত্রনেতা ডাঃ তৌহিদ আওয়াল, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।