নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কোনো প্রকার কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির এ নেতা। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সেরে ভোটের আয়োজন করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে ফ্যাসিবাদের অনেক দোসর পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক বলে জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদের সভাপতিত্বে এবং আয়োজক কমিটি আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাঃ শহিদুল আলম,বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাঁকন, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মেহেদী হাসান, ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম,ডাঃ ফারুক,ডাঃ গালিব, ডাঃ আকাশসহ ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রায় ১ হাজার পুরুষ ও মহিলা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। ঔষধ প্রদানে সহযোগিতা করেন এম- ট্যাবের নেতৃবৃন্দ।