ইশরাক সমর্থকদের নগর ভবন ‘ব্লকেড’
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। গতকাল রবিবার অবস্থান কর্মসূচি থেকে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে, ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।